করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিধ্বস্ত পুরো বিশ্ব। গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা কমে আসলেও শেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময়ে সংক্রমণ ছাড়িয়েছে ২০ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ৭ হাজার মানুষের। সংক্রমনে শীর্ষে রয়েছে রাশিয়া।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সাড়ে ৯ টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে ২০ লাখ ৩৫ হাজার ১৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮ জনের।
গতকাল সংক্রমণ কিছুটা কমে করোনায় আক্রান্ত হয়েছিলো ১৮ লাখ ৫৮ হাজার ৩৮ জন। এসময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছিলো ৬ হাজার ৩৪৬ জনের।
সংক্রমণ বেড়ে শেষ ২৪ ঘণ্টায় করোনায় রাশিয়ায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৬৬১ জনের।
আক্রান্তের দিক থেকে এদিন বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সে নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৯ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১২৯ জনের।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণ কিছুটা কমেছে। নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৫৮ জন। মৃত্যু হয়েছে ৮৮৭ জনের।
এই সময়ে সংক্রমণে চতুর্থ স্থানে থাকা জার্মানিতে নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪২৪ জন। সেখানে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৭৬ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৭ লাখ ৬০ হাজার ৩১০ জন।







