২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আইসিসি আয়োজিত সুপার লিগের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই লক্ষ্যে দারুণভাবে এগোল টাইগার দল। ইংল্যান্ডকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছেন তামিম-সাকিবরা।
সুপার লিগের অন্তর্ভুক্ত তিন ওয়ানডের সিরিজটির প্রথম ম্যাচে আফিফ-মিরাজের রেকর্ড জুটিতে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয়ার উদযাপনে মাতে স্বাগতিক দল। টানা দুই জয়ে ২০ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।
নিয়ম অনুযায়ী, কোনো দল একটি ম্যাচ জিতলে যুক্ত হয় ১০ পয়েন্ট। সে হিসেবে দুই জয় তুলে নেয়ায় বাংলাদেশের সংগ্রহ এখন ১০০ পয়েন্ট। বাংলাদেশ ছাড়া আর কোনো দল এখনও শত পয়েন্ট অর্জন করতে পারেনি চলতি সুপার লিগ টেবিলে।
সুপার লিগের চলতি চক্রে ১৪ ম্যাচে ১০ জয়ে লাল-সবুজের দলের পয়েন্ট ১০০। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে তামিমদের পয়েন্ট হবে ১১০। তাতে শীর্ষস্থান পোক্ত হবে, বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও বেড়ে যাবে।
আফগানদের তিন ম্যাচেই হারালে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি করবে টাইগার দল। তিন ম্যাচের সবগুলো জিতলে রেটিং পয়েন্ট হবে ৯৪, উঠে যাবে ছয় নম্বরে। এমন হলে ৯৩ রেটিং পয়েন্টে থাকা পাকিস্তান সাতে নেমে যাবে। এখন ৯১ রেটিং নিয়ে টেবিলের সাতে আছে বাংলাদেশ।
২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ভারত। সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে নামার সুযোগ পাবে। সাত দলের মধ্যে স্বাগতিক ভারত থাকলে সরাসরি খেলবে আট দল।
১০ দলের বিশ্বকাপে বাকি দুই দলের সুযোগ আসবে কোয়ালিফায়ারে খেলে। আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে সুপার লিগের বাকি দলগুলো খেলবে সেই কোয়ালিফায়ার।
সুপার লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে নামা ইংলিশরা রয়েছে টাইগারদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। ১৫ ম্যাচের ৯টিতে জিতে দলটির পয়েন্ট ৯৫। তিনে ৭৯ পয়েন্ট নিয়ে ভারত। চারে ৬৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কা ৬২ ও আফগানিস্তান ৬০ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে।
আফগানিস্তানের সমান ৬০ পয়েন্ট পেলেও তাদের চেয়ে তিন ম্যাচ বেশি খেলায় টেবিলের সাতে অস্ট্রেলিয়া। ৫০ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ৪০ পয়েন্ট নিয়ে নয়ে ও তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দশে আছে সাউথ আফ্রিকা।
নিউজিল্যান্ড ৩০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থাকলেও সেটি তাদের আসল চেহারা সামনে আনছে না। সুপার লিগের চলতি চক্র শুরুর পর তারা খেলেছেই কেবল তিন ওয়ানডে। ১২ ম্যাচ খেলা জিম্বাবুয়ের কিউইদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে একাদশ স্থানে আছে। ২৫ পয়েন্টে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস।







