দুই বছরের মেয়াদ শেষ করে আগামী দুই বছরের জন্যও আবারো বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। উন্মুক্ত নিলামে ময়মনসিংহ অ্যাগ্রো গ্রুপকে (প্রাণ) টপকে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের পৃষ্ঠপোষক হয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নিলাম শেষে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান ও পরিচালক কাজী ইনাম আহমেদ।
কার্যত দুই বছর বলা হলেও প্রায় ২৬ মাস বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রবি। আইসিসির সঙ্গে ব্র্যান্ডিং সংশ্লিষ্ট বিষয়ে মিল না থাকলে চলতি বছরের জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে থাকবে রবি।
আগের মেয়াদে আইসিসির ইভেন্টের জন্য আলাদা পৃষ্ঠপোষক নিয়েছিল বিসিবি। এবার আইসিসির ইভেন্টের স্বত্ত্বও পেয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি।
গত মেয়াদে নিলামের ভিত্তিমূল্য ছিল ৩০ কোটি টাকা। এবার তা দ্বিগুণ হয়েছে। শেষ পর্যন্ত রবি কত টাকার বিনিময়ে দুই বছরের স্বত্ত্ব পেল সে ব্যাপারটি গোপন রেখেছে বিসিবি। তবে অন্য একটি সূত্রে জানা গেছে দুই বছরের স্বত্ত্ব পেতে প্রায় ৬৫ কোটি টাকা খরচ করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বাংলাদেশ দলের সাফল্যের কারণেই ভিত্তিমূল্য দ্বিগুণ হয়েছে। আমরা রবিকে ধন্যবাদ জানাই। তারা গত দুই বছর বাংলাদেশ দলের স্পন্সর ছিল, এবারও তারা এগিয়ে এসেছে।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গেই থাকতে পেরে সন্তুষ্ট রবিও। প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ বললেন, ‘আমরা গত মেয়াদে দুই বছর বাংলাদেশ দলের সঙ্গে ছিলাম। আগামী দুই বছরের জন্য টাইগারদের সঙ্গে থাকতে পেরে গর্বিত ও খুশি।’
বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি নারী দল, অনূর্ধ্ব-১৯ দল ও ‘এ’ দলের পৃষ্ঠপোষক হিসেবেও কাজ করবে রবি।








