শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মূল আসরে খেলতে হলে বড় ব্যবধানে জিততে হতো, এমন সমীকরণের মুখে খেলতে নেমে বাংলাদেশ ৪২ রানে হেরে মাঠ ছেড়েছে।
কলম্বোয় রোববার টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে লঙ্কানরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ২৭ ওভারের আগে এই রান টপকাতে হতো বাংলাদেশের।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২১ ওভারে ৬৮ রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে বসে। এরপর বৃষ্টি নামলে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। তাতে বাংলাদেশের কোনো লাভ হয়নি।
ওই সময় বৃষ্টি আইনে ২১ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১১১। এরপর বৃষ্টিতে আর খেলাই হলো না। তাতে রুমানাদের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
শ্রীলঙ্কা ৩৯ রানের মাথায় প্রথম উইকেট হারায়। সালমা খাতুনের বলে কাটা পড়েন হানসিকা। সালমা পরে আরো দুটি উইকেট নিলেও রানের চাকা থামাতে পারেননি।
জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম বলে বিদায় নেন শারমিন সুলতানা। উইকেটরক্ষক নিগার সুলতানা ২৪ রান করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেও পেরে ওঠেননি।
মিডল অর্ডারে অধিনায়ক রুমানা আহমেদও ফিরে যান দ্রুত। ১২ বল খেলে ২ রান করতে পারেন তিনি। শায়লা শারমিন শেষদিকে ২১ রানে অপরাজিত থেকে দলের হার দেখেন।







