ওয়াসার পানি সঠিকভাবে বিশুদ্ধ না করে তা বাজারজাত করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে সীলগালাসহ ৫ জনকে জেল জরিমানা করেছে এলিট ফোর্স র্যাব।
রোববার রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সারওয়ার আলমের পরিচালনায় অভিযান চালায় র্যাব-২ ভ্রাম্যমান আদালত।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসসপি মো. ফিরোজ কাউছার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় রিলেবল ড্রিংকিং ওয়াটার, অন্তর ড্রিংকিং এবং সাফিয়া ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানগুলিতে লাইসেন্স ব্যতীত এবং সচ্ছ ড্রিংকিং ল্যাইসেন্স নবায়ন না করে, ওয়াসার লাইন হতে পরিশোধন বা ফিল্টারিং ছাড়াই নোংরা পরিবেশে পানি বোতলজাত করছে। কারখানাগুলিতে কোন প্রকার বায়ো-কেমিস্ট বা মান-নিয়ন্ত্রক কোন কিছুই দেখা যায়নি।
‘‘অবৈধ উপায়ে পানি বোতলজাত করে বাজারে বিপণন করার অপরাধে প্রতিষ্ঠানের মোট ৫ জনকে আটক করা হয় এবং অস্বাস্থ্যকর ভাবে প্রস্তুতকৃত ২০ লিটারের চার হাজার ছয়’শটি জার বিএসটিআই কর্তৃক জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়।’’
ফিরোজ কাউসার বলেন, ভ্রাম্যমান আদালত বিএসটিআই অধ্যাদেশ ২০০৯ এর ২৪/৩১(এ) এবং ৪৫ ধারায় সাফিয়া ড্রিংকিং ওয়াটারের মালিক মোঃ কাজি শাহজাহান (৪০) এবং ম্যানেজার মোঃ নাছির উদ্দিন (৪৮) কে ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ০৩ মাসের কারাদণ্ড, রিলেবল ড্রিংকিং ওয়াটারের কর্মচারী মোঃ বিল্লাল (২০) ও মোঃ শাওন (১৯) প্রত্যেককে ০৩ মাসের কারাদণ্ড এবং রাজিব সরকার (৩১) কে পাঁচ’শ টাকা জরিমানাসহ সবগুলো প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।









