ক্লান্তিকর এক প্রথম দিন শেষে দ্বিতীয় দিন কিছুটা গোছানো বাংলাদেশ। রুবেল, মোস্তাফিজ এদিন যতটা পারছেন লাইনে বল করছেন। কিন্তু তাতে কী? আমলা আর প্লেসিস শতক তুলে লাঞ্চ নাগাদ স্কোর ৫৩০/৩ এ গেছেন।
সকালে বৃষ্টির কারণে প্রায় ৯০ মিনিট পর বল মাঠে গড়ায়। উইকেট যা ছিল একদম তাই। দুই অপরাজিত ব্যাটসম্যান হেসেখেলে রান তুলেছেন। ১১৩ বলে ক্যারিয়ারের ২৮তম শতকে পৌঁছান আমলা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মধ্যে টেস্ট শতকের সংখ্যায় তিনি দ্বিতীয় অবস্থানে। ৪৫টি নিয়ে শীর্ষে জ্যাক ক্যালিস।
আমলার পর ১৪৭ বলে শতকে পৌঁছান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।
আগের দিন ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। তার মধ্যে চারের মার ছিল ৫৮টি!
উদ্বোধনী জুটিতে এলগার এবং মার্করাম সর্বনাশ করে দিয়ে যান। দুজনে ২৪৩ রানের জুটি গড়েন। ওয়ানডে স্টাইলে খেলতে খেলতে এলগার প্রথমে শতকে পৌঁছান, ১১৬ বলে। এই সমেয় চার হাঁকান ১৭টি! এরপর মার্করাম ১৪১ বলে শতক স্পর্শ করেন। তিনি চার মারেন ১৬টি।










