সাম্প্রতিক সময়ে বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের প্রায় ৮০ কোটি ডলার (প্রায় ৬৪০০ কোটি টাকা) নগদ অর্থ ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র চালিত আইএস বিরোধী অভিযানে ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার গারস্টেন বলেন, আইএসের টাকার গুদামগুলোকে লক্ষ্য করে কমপক্ষে ২০টি বিমান হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, যদিও এটা জানা কঠিন ঠিক কত টাকা ধ্বংস করা হয়েছে। তবে এক হিসাবে এটা ৫০ থেকে ৮০ কোটি ডলার হবে।
ইসলামিক স্টেট তথা আইসের অর্থের সঠিক হিসেব কারো জানা নেই। তবে তেলের খনি দখল করে, কর বসিয়ে গত বছর আইএস ২ বিলিয়ন ডলারের এক বাজেট অনুমোদন করে এবং ২৫ কোটি ডলার উদ্বৃত্ত থাকবে বলে ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র জোটের বিমান হামলায় আইএস তাদের অধিকৃত অনেক ভূখণ্ড ইতোমধ্যে হারিয়েছে। তাদের অধিকৃত তেলের খনিতেও বিমান হামলা চালানো হচ্ছে।








