বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বেতন-ভাতা দ্বন্দ্বে শঙ্কা জেগেছে অজিদের বাংলাদেশ এবং ভারত সফর ঘিরে। দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বৈরি অবস্থা পার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পূর্ব নির্ধারিত সফর বাতিল হওয়ার শঙ্কায় বিব্রত বোর্ড। সঙ্গে বিব্রত সাবেক ক্রিকেটাররাও। গ্লেন ম্যাকগ্রাও আছেন সেই দলে। এই অজি সাবেক পেসার চান সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আবারও যেন মাঠে ফেরেন স্মিথ-ওয়ার্নাররা।
এমআরএফ পেস ফাউন্ডেশনের হয়ে দুদিনের এক বিশেষ ক্যাম্পে কোচিং করাতে এখন ভারতের মুম্বাইয়ে আছেন ম্যাকগ্রা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অজি কিংবদন্তি, ‘বিষয়টা খুবই লজ্জার। ঘটনা যে কোথায় গড়াচ্ছে তা জানি না। আশা করি সব সমস্যার খুব দ্রুতই সমাধান হবে, ছেলেরা মাঠে ফিরবে। আমাদের সামনে বাংলাদেশ এবং ভারত সফর আছে।’
আগস্টে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা স্মিথ-ওয়ার্নারদের। নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখতে এখন বাংলাদেশে আছেন অজি নিরাপত্তা প্রতিনিধি দল। এরপর ভারত সফর। নভেম্বরে শুরু হবে অ্যাশেজ।
অ্যাশেজ নিয়েও আশাবাদী ম্যাকগ্রা। মুখিয়ে আছেন স্টার্ক-হ্যাজেলউডদের আগুন ঝরানো বোলিং দেখতে, ‘আমি স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সদের বোলিং দেখতে মুখিয়ে আছি। ওরা ১৪৫ কিমি. চেয়েও বেশী গতিতে বল করে। তাদের বোলিং দেখতে পারাটাও আনন্দের।’








