ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনেই বৃষ্টির শঙ্কায় পড়েছে। বেলা আড়াইটা ও সন্ধ্যা ৭ টায় দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও আবহাওয়া রিপোর্ট দিচ্ছে হতাশার বার্তা। এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে বিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠছে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর রাইডার্স খেলবে খুলনা টাইটান্সের বিরুদ্ধে।
আজ সকাল থেকেই রাজধানীর বেশ কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তাই সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এই নিম্নচাপের প্রভাবে আগামী দুই দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ রাত পর্যন্তই এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তাই বিপিএলের আজকের ম্যাচ দুটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে রয়েছে আশঙ্কা।
বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন না থাকলেও প্রথম ম্যাচেই উত্তাপ ছড়ানোর কথা মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ড্যারেন স্যামির রাজশাহী কিংসের। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শহীদ আফ্রিদীর রংপুর রাইডার্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।








