বিপিএলের সপ্তম আসরে পুরনো সাত দল অংশ নিলেও ফ্র্যাঞ্চাইজি মালিকানা থাকছে না তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্তে যারপরণাই হতাশ দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। দলটির চেয়ারম্যান নাফিসা কামাল শুক্রবার গুলশানে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন নিজেদের অবস্থান।
‘আমরা বিপিএলে অংশ নেব, কারণ বিপিএল ছেড়ে থাকা সম্ভব নয়। কিন্তু দাবিগুলো যদি মানা হয়, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়।’
বিসিবির সঙ্গে সব ফ্র্যাঞ্চাইজির চার বছরের চুক্তি শেষ হয় গত আসর খেলার পর। নতুন করে চুক্তির আগে একে একে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। রেভিনিউ বণ্টন, খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বিষয়ক নিয়ম ছাড়াও বেশ কিছু দাবি পেশ করেন তারা। তবে সেগুলো মেনে নেয়া ‘সম্ভব নয়’ বলে সাফ জানিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে তিনি জানান, ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে বিসিবির তত্ত্বাবধানে এবং থাকবে না কোনো ফ্র্যাঞ্চাইজি।’
বিসিবির এমন সিদ্ধান্ত ‘আহত’ করেছে নাফিসা কামালকে। ভিক্টোরিয়ান্স কর্ণধার বলেন, ‘আমি ছয় বছর বিপিএলের সঙ্গে জড়িত। আমার মনে হয় সবচেয়ে সিনিয়র মালিক আমি। দুইটি ফ্র্যাঞ্চাইজির (আগেরটি সিলেট রয়্যালস) মালিক, দুটি শিরোপা আছে আমার। বিপিএলে আমাদের দলের কিছুটা হলেও অবদান রয়েছে। যেই নিয়ম চালু করা হয়েছে এবং আমরা যখন জানলাম যে আমাদের ফ্যাঞ্চাইজি এবার নেই! এখানে আমাদের কিছু হলেও কষ্টের জায়গা আছে। আমরা বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সভা করেছি, কিছু দাবি ছিল আমাদের। শুধু ক্রিকেটের জন্যই লাভের জন্য না। একনম্বর ছিল রেভিনিউ শেয়ারিং।
‘অন্যান্য টুর্নামেন্ট দেখলে.. লভ্যাংশ শেয়ারিং সব জায়গায়ই আছে, শুধু বিপিএলে নেই। এসব কিছু হলে কিন্তু উন্নতি হয়, ভালো হয়; তাহলে আমাদের চিন্তা করার জায়গা আসে। কিন্তু আমরা ওই জায়গা পাইনি। সাইনিং করার ক্ষেত্রে তিনটা খেলোয়াড় বাইরে থেকে নেয়া যাবে, আর স্থানীয় খেলোয়াড়দের ক্ষেত্রে সব অকশন থেকে নেয়া হবে। কিন্তু আমাদের কথা ছিল এমন হলে স্থানীয় খেলোয়াড়দের জন্য পক্ষপাতদুষ্ট হয়ে যায়। বাইরে থেকে খেলোয়াড় কিনলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এটা সত্যি কথা। কারণ ওদের সমঝোতার জায়গা থাকে। যেটা দেশের খেলোয়াড়দের সঙ্গে হয় না। যে কারণে আইকন ছাড়া লোকাল ক্রিকেটারদের আমাদের কাছে সঠিক মূল্যে আসছে না, এটা আমাদের কাছে মনে হয়।’








