দেশের ক্রিকেটে চলমান সংকটের প্রভাব বিপিএলে পড়বে না বলে আশা করছেন টুর্নামেন্ট পরিচালনা পর্ষদ চেয়্যারম্যান আফজালুর রহমান সিনহা। খেলোয়াড়দের নিলাম হবে চলতি মাসের ৩১ তারিখ। পরিচালনা পর্ষদ সভায় খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও সিদ্ধান্ত হয়েছে।
দু’বছর পর আবারো মাঠে ফিরছে ফ্র্যাঞ্চচাইজি ভিত্তিক টি-টুয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। ১৯ নভেম্বর উদ্বোধন হবে তৃতীয় আসরের। তাই বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্তের আগে টুর্নামেন্ট নিয়ে প্রস্তাবিত খসড়াগুলোর ওপর বৈঠকে আলোচনা করেছেন বিসিবি কর্মকর্তা এবং বিপিএলের গভর্নিং বডির চেয়্যারম্যান।
প্রস্তাবিত হলেও নির্ধারিত হয়ে গেছে খেলোয়োড়দের নিলাম এবং পারিশ্রমিকের বিষয়টি। বিদেশি খেলোয়াড়রা সর্বোচ্চ ৭০ ও সর্বনিম্ন ৩০ হাজার ডলার আর দেশী খেলোয়াড়রা পাবেন সর্বোচ্চ ৩৫ এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা।
সিরিজ চলতে থাকায় টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না শীর্ষ ৪টি দেশের খেলোয়াড়। এত কিছুর মাঝেও জিম্বাবুয়ে সিরিজের কারণে খেলা শুরুর দিনক্ষণ ঠিক করা নিয়ে কিছুটা দ্বিধায় বিসিবি।






