বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। এর আগে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন।
নিজের নামের পাশে ৯৭৫ রান নিয়ে রাজশাহী কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামেন তামিম।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় শুরু থেকেই তামিম ছিলেন দায়িত্বশীল। অসাধারণ ব্যাটিং করে এক হাজারি ক্লাবে পৌঁছতে বেশি সময় নেননি তিনি। ইনিংসের দশম ওভারের প্রথম বলে ড্যারেন স্যামির বলে বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলক অতিক্রম করেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক।
এরপর দারুণ ব্যাটিং করে এবারের বিপিএলে সপ্তম হাফসেঞ্চুরি তুলে নেন। কিন্তু হাফসেঞ্চুরির পর কেসরিক উইলিয়ামসের বলে তার ইনিংস থেমে যায় ৫১ রানে। ৪৬ বলে ৬ বাউন্ডারিতে এ ইনিংসটি সাজান তামিম।










