বিপিএল-এর তৃতীয় আসরে মাঠে দেখা যেতে পারে দেশের বড় বড় কোম্পানিকে। এরই মধ্যে বিসিবি’র কাছে আগ্রহ জানিয়েছে নতুন কমপক্ষে ১০ টি কোম্পানি। পুরনো দুটো ফ্র্যঞ্চাইজিসহ মোট ১২ টি কোম্পানি তাদের আগ্রহপত্র জমা দিয়েছে। মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড।
সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাঠে হারিয়ে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর দেশের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে যুবারা। তাদের জন্যই সংবর্ধনার আয়োজন করে কক্সবাজারের ক্রিকেট সংগঠন মিশু ওয়ারিয়র্স।
অবশ্য শুধু মিরাজ-শান্তদের সংবর্ধনাই নয় একই সঙ্গে আগামী যুব বিশ্বকাপের ভেন্যু হিসেবে কক্সবাজারকেও বিবেচনায় নেয়ায় ক্রিকেট বোর্ডের জন্য ছিলো তাদের অভিনন্দন।
বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান দেশের বাইরে থাকায় প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানে ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম। সেখানেই বিপিএল নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন আরেক পরিচালক জালাল ইউনুস। সোমবারই ছিলো বিপিএলে ফ্র্যঞ্চাইজি মালিকদের এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)- জমা দেয়ার শেষ দিন।
জালাল ইউনুস বলেন, স্কয়ার আছে, বেক্সিমো ফার্মাটিসিক্যালসও ফর্ম জমা দিয়েছে। সোহানা গ্রুপ নামে একটি কোম্পানিও জমা দিয়েছে।
নতুন ১০ টি আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে গত আসরে অংশ নেয়া দুটো পুরনো ফ্র্যঞ্চাইজিও এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দিয়েছে। তাদের নিয়ে বিপিএলের জন্য আগ্রহীদের সংখ্যা হলো ১২।
জালাল ইউনুস বলেন, আমরা চার বছরের জন্য চেয়েছি। এই সময় তারা (কোম্পানিগুলো)ফ্র্যঞ্চাইজি চালাতে পারবে কিনা সে ব্যাপারে কথা হবে।
মঙ্গলবার হোম অব ক্রিকেটে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল।






