বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চতুর্থ আসরের পর্দা উঠছে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা আড়াইটায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।
দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় সাড়ে সাতটায় রংপুর রাইডার্স খেলবে খুলনা টাইটান্সের বিরুদ্ধে।
এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানের উত্তাপ না থাকলেও থাকছে মাঠে লড়াইয়ের উত্তাপ।
প্রথম ম্যাচে লড়াই হবে মাশরাফি বিন মর্তুজা ও ড্যারেন স্যামির মধ্যে। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে গত আসরে শিরোপা জিতেছিলো কুমিল্লা।
এবারও শিরোপা ধরে রাখার জন্য প্রথম ম্যাচ থেকেই উজ্জীবিত ভিক্টোরিয়ানসের ক্রিকেটাররা। আগের বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি স্যামি। তবে ক্যারিবীয় তারকার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বিপিএলে রাজশাহী কিংসকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ নিয়েই অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। তা ছাড়া স্যামির দলে রয়েছে সাব্বির রহমানের মতো বিস্ফোরক ব্যাটসম্যান।
সন্ধ্য সোয়া ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শহীদ আফ্রিদীর রংপুর রাইডার্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। তবে টাইটান্সের বড় তারকা ক্যারিবীয় লেন্ডল সিমন্স ও ক্যাভন কুপার।










