আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিপড়ে পড়ে দৌড় শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী নাগরিক সভাটির আয়োজন করা হয়।
বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে। সামরিক বাহিনীকে নির্বাচনের সময় আনতে হবে। এটা আমাদের মহাসচিব টেলিফোনেও বলবেন, আবার যদি মহাসচিবের সাথে তিনি দেখা করেন সেখানেও একই কথা বলা হবে।
খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুঝতে পেরেছেন বিপদে আছেন তারা। এজন্য তিনি অনেকের বাড়ি পর্যন্ত যাচ্ছেন। বাড়িতেও যদি আসেন আমাদের মহাসচিবের এর বাইরে বলার কিছু নেই।
আগামী নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা মন্তব্য করে তিনি বলেন, অন্যায়ভাবে বেগম জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছে। হাইকোর্ট জামিন দিয়েছে তার পরও জামিন দেয়া হচ্ছে না। তাকে ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নেবে না।
তিন সিটি নির্বাচনের কথা উল্লেখ করে মোশাররফ বলেন, গাজীপুর ও খুলনার মতো তিন সিটিতে একই মডেল প্রস্তুত রাখা হয়েছে। সেখানে এমভাবে গ্রেপ্তার আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ ভোটাররা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।







