কবি বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের স্মারকপদকটি চুরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে প্রয়াত কবির বাসভবনের পাশে বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটি গ্রন্থাগার থেকে সোমবার সন্ধ্যায় পদকটি চুরি গেছে বলে অভিযোগ উঠেছে।
কমিটির সম্পাদক বৈদ্যনাথ দলপতি অভিযোগ করেন, ওই দিন সন্ধ্যায় গ্রন্থাগারের দরজা খোলা অবস্থায় দেখতে পান তিনি। ভেতরে ঢুকে দেখেন পদকটি যে আলমারিতে ছিল সেটি ভাঙা। পদকের সঙ্গে নেই তার সঙ্গে থাকা প্রশংসাপত্রটিও।
বৈদ্যনাথ বলেন, ‘সাধারণত বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটা নাগাদ গ্রন্থাগার খোলা হয়। প্রতিদিনের মতো সোমবারও ওই সময়ই এসেছিলাম। তখনই দেখি গ্রন্থাগারের দরজাটা খোলা। লাইব্রেরিয়ান জগদীশকে ডেকে এনে একসঙ্গে ভেতরে ঢুকে দেখি আলমারি ভাঙা। চুরি গেছে কবির পদকটিও।’
বেশ কিছু নথিপত্র এলোমেলো অবস্থায় গ্রন্থাগারের মেঝেতে ছড়িয়ে পড়ে থাকতেও তিনি দেখতে পান বলে জানান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
কবিতা সংকলন ‘হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ’র জন্য ২০০৫ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন কবি বিনয় মজুমদার। ২০০৬ সালের ১১ ডিসেম্বর কবির মৃত্যুর পর থেকে পুরস্কারটি রাখা ছিল স্মৃতি রক্ষা কমিটির গ্রন্থাগারের আলমারিতে।
কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা, এ ব্যাপারে কমিটির আরেক সদস্য শিবেন মজুমদার জানান, তাদের সন্দেহের তালিকায় তেমন কেউ নেই। পুলিশের তদন্তের ওপর ভরসা রাখছেন তারা।
সূত্র:আনন্দবাজার পত্রিকা








