করোনা মোকাবিলায় সরকারের আরোপিত বিধিনিষেধে বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা চালু থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেট ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশি যে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার জন্য যাবেন, বিধিনিষেধে দূতাবাসগুলো তাদের সেবা দেবে। বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে। একই সঙ্গে ভিসা নেওয়ার জন্য প্রার্থীরা যাতায়াতের সুযোগ পাবেন।
মন্ত্রী আরও বলেন, যাদের সাক্ষাৎসূচি রয়েছে, পুলিশ কমিশনারকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে ভিসাপ্রার্থীদের দূতাবাসে যেতে দেওয়া হয়। যেমন, আমেরিকা বা ইংল্যান্ড যাওয়ার জন্য কারও ইন্টারভিউ (সাক্ষাৎকার) থাকলে দূতাবাসে যেতে তাকে পুলিশ সহায়তা করবে।








