আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রের ৩টি প্লান্টসহ ১০টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট জেলার কাজীর বাজার নামক স্থানে সুরমা নদীর উপর নবনির্মিত কাজীর বাজার সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক-কে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প ও এর ভিত্তিপ্রস্তর স্থাপন, মানিকগঞ্জ জেলার হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত নয়াকান্দি সেতুসহ কিটিংচর ও সাটুরিয়া সেতু উদ্বোধন, মানিকগঞ্জ জেলার হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ শহরাংশ (মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত বলভদ্র সেতু উদ্বোধন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল রেলক্রসিংয়ের উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প এর ভিত্তিপ্রস্তর স্থাপন, ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন আশুগঞ্জ ৫১ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডুলার পাওয়ার প্লান্ট, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিম্পল সাইকেল অংশ) এর উদ্বোধন করেন।
এছাড়া প্রধানমন্ত্রী পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল উদ্বোধন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর কার্যক্রমের উদ্বোধন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করেন।
রাজশাহী, চট্টগ্রাম এবং ময়মনসিংহ এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য অবিলম্বে ডেমু ট্রেন চালু করার জন্য রেল মন্ত্রনালয়কে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের।






