ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের তার ছিড়ে ঘটা অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে পুলিশ সদস্য, তার স্ত্রী, শ্যালিকা, ছেলে ও মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে জেলার পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া জনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা জানান, ওই গ্রামের খরেশ চন্দ্রের বাড়ি উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে থাকা মটর সাইকেলের তেল ভর্তি ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এবং মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া (৩৫) ও সেলিকা স্বর্ণা (২০) দগ্ধ হয়ে মারা যান।
আহত খরেশ ও তার ছেলে নির্ণয় (১৩) এবং মেয়ে নাইসকে(০৭) সার্ভিসকর্মীরা উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খরেশের ছেলে ও মেয়ে মারা যায়। পরে আশংকাজনক অবস্থায় থাকা খরেশও মারা যায়।
স্থানীয় ইউ.পি চেয়ারম্যান হিটলার হক জানিয়েছেন পুজার ছুটিতে খরেশ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি দিনাজপুরে কর্মরত ছিলেন।








