স্যাবাইনা পার্কের উইকেট দেখে জ্যামাইকান ধারাভাষ্যকার বলছিলেন ঘাস আছে, সুইং ধরবে, তবে প্রথম দুই দিন ব্যাটসম্যানরা চাইলে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবেন। অ্যান্টিগার মতো জ্যামাইকার এই ভেন্যুর ২২ গজেও দেখা গেছে সবুজ ঘাসের যথেষ্ট উপস্থিতি। সেখানে উইন্ডিজ পেসাররা কতটা ঝড় তুলতে পারবেন তা বোঝা যাবে বাংলাদেশের ইনিংস শেষ হলে।
টস জিতে সকালের আবহাওয়া কাজে লাগানোর সুযোগ পাননি বাংলাদেশের পেসাররা। দুই পেসার নিয়ে একাদশ সাজানো আবু জায়েদ রাহি ও কামরুল ইসলাম রাব্বি প্রথম সেশনে করতে পেরেছেন মাত্র একটি করে ওভার। রান দেননি কেউই। তারা মেডেন ওভার পেলেও অধিনায়ক সাকিব আল হাসানের ভরসা স্পিনে।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের হারানো দুটি উইকেটই মেহেদী হাসান মিরাজের দখলে। এ অফস্পিনার করেছেন ১৪ ওভার। সাকিব ১২ ওভার ও পেসার রুবেল হোসেনের জায়গায় একাদশে আসা তাইজুল ইসলাম করেছেন ৭ ওভার। প্রথম সেশনে ৩৫ ওভার খেলে ক্যারিবীয়রা তুলেছে ৭৯ রান।
দেশের মাটিতে খেলা হলেই স্পিনে থাকে মূল ভরসা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও স্পিনেই ভরসা রাখছে সফরকারীরা। প্রথম টেস্টে মিরাজ তিন উইকেট নিয়ে প্রমাণ করেছিলেন ভালো বোলিং হলে স্পিনও হতে পারে ভরসার জায়গা। সেটি হোক ক্যারিবীয় অঞ্চলে!
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার ও র্যাঙ্কিংয়ে অবনমন ঠেকাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইনিংস ও ২১৯ রানে হারের পর কীভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ সেটিই দেখার।







