বিএনপির মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, দুই বিদেশী হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সরকার ব্লেম গেম খেলছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে এ ঘটনায় বিএনপিকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।বিদেশী হত্যাকাণ্ডে বিএনপিকে না জড়াতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মুখপাত্র।
বুধবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির মুখপাত্র।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দুই বিদেশী খুনের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আনার লক্ষ্যে বিএনপির দুজন নেতার নাম উল্লেখ করেছেন। বিএনপি নেতার নাম জড়িয়ে যে কাল্পনিক ও অসত্য কথা বলা হচ্ছে তাতে সত্যের লেশমাত্র নেই’।
রিপন অভিযোগ করেন, বিদেশী হত্যার ঘটনায় বিএনপিকে আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী সংগঠন বানানোর চেষ্টা করা হচ্ছে।এভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ আতংকিত হবে।
তিনি বলেন, বিএনপি আগেই ধারণা করেছিল- এই ঘটনায় বিএনপিকে জড়ানো হবে। বিদেশী হত্যাকাণ্ড নিয়ে বিএনপি যেই আশংকা করেছিল সেটাই প্রমাণিত হয়েছে।এ ঘটনার পর থেকেই সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত দিয়ে আসছিল।
বিএনপি মুখপাত্র বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তাবেলা সিজার হত্যাকাণ্ডে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত নয়। তবে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন বলির পাঁঠা না হয় সেই জন্য নিরপেক্ষ তদন্ত কমিটির করার দাবি জানিয়েছেন তিনি।







