বাংলাদেশে বসবাস করা বিদেশী নাগরিকদের কাছে থাকা মুদ্রা ও তাদের নিজ দেশে থাকা সম্পত্তির তথ্য চাওয়ার বিধান রেখে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হচ্ছে। সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫ উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নীরিক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি পরীক্ষার পর দেড় মাসের মধ্যে সংসদে এ বিষয়ে প্রতিবেদন দেবে।
১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা ও সিকিউরিটিজ কেনাবেচা নিয়ন্ত্রণ আইনটি ১৯৭৬ ও ২০০৩ সালে দুইদফা সংশোধন করা হয়। বাংলাদেশীদের ক্ষেত্রে আইনটি প্রয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা না থাকলেও দেশে বসবাসরত বিদেশী নাগরিকদের ক্ষেত্রে অস্পষ্টতা ছিলো।
বিলে বলা হয়েছে, এই আইন বাংলাদেশী ও বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশী ও অন্যদেশের নাগরিকদের হাতে থাকা বিদেশী মুদ্রা বা বৈদেশিক সিকিউরিটিজ সম্পর্কিত তথ্য এবং বিদেশে তাদের স্থাবর বা অন্য সম্পত্তির বিষয়ে তথ্য চাইতে পারবে।
এছাড়াও বিলে বিদ্যমান আইনের আরো বেশ কিছু অনুচ্ছেদ উপ-অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধনীর প্রস্তাব করেন।






