সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে চাকরির বিজ্ঞাপনের অন্যতম ওয়েবসাইট বিডিজবসের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাসরুরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার সকাল আটটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিল ভবনের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুরের বিরুদ্ধে চলতি মাসের ২২ তারিখে কাফরুল থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আল সাদিকের অভিযোগে আইসিটি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে ওই মামলা করা হয়।








