চলতি বছর বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে ৭ মিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন চুরির পেছনে রয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থার বরাতে দেশটির একটি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
চোসান ইলবো নামের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে: শুধু বিটকয়েন নয়, হ্যাকাররা ওই এক্সচেঞ্জের বিপুল সংখ্যক অ্যাকাউন্টধারীর ব্যক্তিগত তথ্য চুরি করে সেগুলো অনলাইনে ছেড়ে দিয়েছে। এ বছরের জুনে বিটথাম্ব এক্সচেঞ্জ থেকে বিটকয়েন চুরির এ ঘটনা ঘটেছিল।
সাউথ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস আরও জানিয়েছে, হাতিয়ে নেওয়া এসব তথ্যের বিনিময়ে বিটথাম্বের কাছে আরও ৫৫ লাখ ডলার দাবি করেছিল হ্যাকাররা।

এছাড়া চলতি বছরের এপ্রিল এবং সেপ্টেম্বরে ইয়াপিজোন এবং কয়েনিস নামের আরও দুটি এক্সচেঞ্জ থেকেও বিটকয়েন চুরি হয়েছিল। সেসময় এসব বিটকয়েনের দাম ৭ মিলিয়ন ডলার থাকলেও বর্তমানে এগুলোর দাম ৮ কোটি ডলারের বেশি।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়: গত অক্টোবরে আরও ১০টি এক্সচেঞ্জে সাইবার হামলার চেষ্টা করেছিল নর্থ কোরিয়া, যা শুরুতেই আটকে দিয়েছিল কোরিয়া ইন্টারনেট সিকিউরিটি এজেন্সি।
‘এই আক্রমণে ব্যবহার করা হয়েছিল এক বিশেষ ধরনের ম্যালওয়্যার। এই ম্যালওয়ারের সঙ্গে সনি পিকচার্স হ্যাকিং এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ব্যবহৃত ম্যালওয়্যারের মিল রয়েছে।’







