শহীদ মুশতাক ও শহীদ জুয়েলকে স্মরণে প্রতিবারের মতো এবারও সাবেক ক্রিকেটারদের নিয়ে বিজয় দিবস প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজনে শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে শহীদ জুয়েল একাদশকে ছয় উইকেটে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ।
টি২০ ফর্মেটের প্রীতি ম্যাচটিতে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটাররা। এদিন প্রথমে টস জিতে শহীদ জুয়েল একাদশকে ব্যাটিংয়ে আমন্ত্রণে জানায় শহীদ মুশতাক একাদশের অধিনায়ক আকরাম খান। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে শহীদ জুয়েল একাদশ।
দলের পক্ষে অপরাজিত ৩৬ রান করেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ন মেহরাব হোসেন করেন ২৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখেই ছয় উইকেটর জয় তুলে নেয় শহীদ মুশতাক একাদশ। শহীদ মুশতাকের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
এই ম্যাচে শহীদ মুশতাক একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন আকরাম খান। আর শহীদ জুয়েল একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম বুলবুল।
মুক্তিযুদ্ধে দেশের দুই বীর ক্রিকেটার আবদুল হালিম চৌধুরী (জুয়েল) আর মুস্তাক আহমেদ হানাদার পাকিস্তান সেনাদের হাতে শহীদ হন। এই দুই শহীদের অবদানকে শ্রদ্ধা জানাতে ১৯৭২ সাল থেকে নিয়মিত স্মরণ করা হচ্ছে ক্রিকেট আয়োজনের মাধ্যমে।










