রূপালী জ্যোৎস্না ভরা রাতে আকাশে উড়লো বিজয়ের ফানুস। বাংলাদেশকে স্বাধীন করার জন্য আত্মাহুতি দেয়া ৩০ লক্ষ শহীদের উদ্দেশ্যেই যেন এক একটা ফানুস উড়ানো হয় আকাশে। ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’ এমন জনপ্রিয় মুক্তিযুদ্ধকালীন শ্লোগান লেখা ছিল প্রতিটি ফানুসের গায়েই।
বাংলাদেশের বিজয়ের ৪৫তম বার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির আবাহনী মাঠে বিজয় দিবসের সন্ধ্যায় ৪৫টি ফানুস উড়িয়ে উদযাপন করা হলো বিজয়ের ৪৫তম বার্ষিকী। আয়োজক হিসেবে ছিল না কোনো আনুষ্ঠানিক সংগঠন।
মুক্তিযুদ্ধকে ধারণ করেন এমন কিছু তরুণ স্ব-উদ্যোগেই এদিন হাজির হয়েছিল আবাহনী মাঠে। সবাই উৎসবমুখর পরিবেশে পালন করেন ফানুস উৎসব।

সময় বাড়ার সাথে সাথে উৎসব স্থান মুখরিত হয়ে উঠে সব বয়সী মানুষের কোলাহলে। পরিবার নিয়ে উৎসব দেখতে আসা অনেকেই তাদের ভালো লাগার অনুভূতি জানান। তাদের সবার মুখেই ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারও ছিল সবার কণ্ঠে।







