বিজয়ের ৫০ বছর পালন করছে দেশ। দেশের এই সুবর্ণ জয়ন্তীতে চমক দিলেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। বিশেষ এই দিনে তিনি তার আসন্ন সিনেমা ‘ওরা ৭ জন’ এর অফিশিয়াল পোস্টার উন্মোচন করলেন।
টানা ৪০ দিন শুটিংয়ে শেষ হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর। গেল মাসের শুরুতে সিলেটের জৈন্তাপুরে এ সিনেমার শুটিং শেষ করেন খিজির হায়াত। বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এই সিনেমার পোস্টার উন্মোচন করলেন নির্মিাতা।
বর্তমানে খিজির দেশের বাইরে থাকলেও বিজয়ের ৫০ বছর উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ওরা ৭ জন’ এর পোস্টার শেয়ার করে সবাইকে সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান। চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা বলেন, যেহেতু ‘ওরা ৭ জন’ মুক্তিযুদ্ধ নির্ভর ছবি, তাই এর প্রথম অফিশিয়াল পোস্টার বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উন্মোচন করলাম।
তিনি জানান, বর্তমানে ‘ওরা ৭ জন’ এর পোস্ট প্রোডাকশন চলছে। আসছে বছর সময় সুযোগ দেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করবেন।
‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি খুব বেশি পরিচিতি পায়নি। যদিও স্বাধীন বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত এটিই একমাত্র চলচ্চিত্র।







