২০১৫ সালের মার্চে জাতীয় দল থেকে বাদ পড়ার পর এনামুল হক বিজয় নিজেকে প্রমাণের লড়াই চালিয়ে গেছেন ঘরোয়া ক্রিকেটে। এ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরিতে হাজারের উপরে রান করে ফিরেছেন ত্রিদেশীয় সিরিজের দলে। ধারাবাহিকতার অভাবে এই সিরিজেই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। দুই তরুণের এবার নতুন বছর শুরু হচ্ছে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে।
মঙ্গলবার বিসিএল দিয়ে শুরু হবে সৌম্যের জাতীয় দলে ফেরার লড়াই। অন্যদিকে বিজয়ের লড়াই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে টিকে থাকার। বিজয়ের ‘পাশ’ করা পরীক্ষাটাই এবার সৌম্যর সামনে।
বিকেএসপিতে নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের। সোহান তার দলে পেয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। সৌম্য ছাড়াও আছেন মোসাদ্দেক হোসেন ও পেসার কামরুল ইসলাম রাব্বি। আর অভিজ্ঞদের মধ্যে আছেন শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাকরা।
পূর্বাঞ্চলও কম শক্তিশালী নয়। দলটির হয়ে বিসিএল খেলতে চার আসর পর নামছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ শহীদও আছেন দলে। অভিজ্ঞদের মধ্যে আছেন অলক কাপালি। বিপিএলে দারুণ পারফর্ম করা পেসার আবু জায়েদ চৌধুরী ও স্পিনার নাজমুল ইসলাম অপু তাদের দলে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চল। ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া পেসার তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি এবার মধ্যাঞ্চলের বড় শক্তি। এছাড়াও পেস বোলিংয়ে দলটির ভরসা অভিজ্ঞ ক্রিকেটার ফরহাদ রেজা। ব্যাটিংয়ে জাতীয় দল থেকে বাদ পড়া রনি তালুকদার, মার্শাল আইয়ুবের সঙ্গে রয়েছেন তরুণ প্রতিভা সাদমান ইসলাম অনিক।
বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত, শুভাশিষ রায়, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আরিফুল হকরা। অভিজ্ঞদের মধ্যে আছেন জুনায়েদ সিদ্দীক, ধীমান ঘোষ, সোহারাওয়ার্দী শুভ।








