কানাডা প্রবাসী হিশাম চিশতির সঙ্গে পরিচয়ের ৭ মাসের মাথায় বিয়ে করেছিলেন চিত্রনায়িকা তমা মির্জা। ২০১৯ সালের ৯ মার্চ তাদের বাদগানের পর ৭ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কিন্তু বছর না যেতেই মনমালিন্য শুরু হয় দম্পতির মাঝে। যার জেরে স্বামীর কাছ থেকে আলাদা থাকতে শুরু করেন এ অভিনেত্রী। অবশেষে জানা গেল, আনুষ্ঠানিকভাবে তমা মির্জার ডিভোর্স হয়ে গেছে। সে কারণে এই অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাট্যাসেও ঝুলছে ‘সিঙ্গেল’ ট্যাগ।
চ্যানেল আই অনলাইনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা নিশ্চিত করে বলেন, গত ৭ সেপ্টেম্বর দুজনের সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ হয়েছে। ডিভোর্স পেপার্সে দুজনের স্বাক্ষর রয়েছে। দাম্পত্যজীবন নিয়ে অনেক কাঁদা ছোড়াছুড়ি ও ঝামেলার হয়েছে।
তমা বলেন, জোর করে কোনো সম্পর্ক টেনে নেয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই পারষ্পারিক সমঝোতায় ডিভোর্স হয়েছে।
বাগেরহাটের কচুয়ার মেয়ে তমা মির্জা ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে শাহীন-সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার।
সর্বশেষ রায়হান রাফীর ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ এবং ‘খাঁচার ভিতর অচিন পাখি’ দুটি ওয়েব ফিল্মে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তমা মির্জা। জানুয়ারিতে তিনি শুরু করেন পরিচালক রাফী নতুন ওয়েব ফিল্ম জানোয়ার ২-এর শুটিং।








