দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে দ্বায়িত্ব পালনের পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না পাওয়া এবিএম আলতাফ হোসেন ও ফরিদ আহমদ শিবলীর ভাগ্যে কী আছে, তা আপিল বিভাগের রায় প্রকাশিত হলে জানা যাবে।
স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে সাবেক অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসেনের রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল ও ফরিদ আহমদ শিবলীর লিভ টু আপিলের শুনানির পর বুধবার রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: নুরুজ্জামানের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ বুধবার দুজনের আপিল ‘অবজারভেশনসহ নিষ্পত্তি করা হলো’ বলে রায় ঘোষণা করেন।
আদালতে আলতাফ হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। ফরিদ আহমদ শিবলীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী। সঙ্গে ছিলেন মো: মুজীবুর রহমান সম্রাট।
হাইকোর্টে দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দ্বায়িত্ব পালনের পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না পাওয়ায় হাইকোর্টে রিট করেন এবিএম আলতাফ হোসেন ও ফরিদ আহমদ শিবলী। পরে এবিএম আলতাফ হোসেনের রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট আর ফরিদ আহমদ শিবলীর রিট নিষ্পত্তি করে দেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবিএম আলতাফ হোসেনের আপিল ও ফরিদ আহমদ শিবলীর লিভ টু আপিল শুনানির পর আজ রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।







