এলোপাথাড়ি ব্যাটিংয়ে প্রায়শই ২২ গজে ঝড় তোলা ব্যাটসম্যানের নাম শহিদ আফ্রিদি। অতি-আক্রমণাত্মক মেজাজ দেখানোয় পেয়েছেন বুম বুম তকমা। ব্যাটিংয়ে নেমে বাধ-বিচার না করে উড়িয়ে মারাই পছন্দ তার। কিন্তু বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে প্রথম ম্যাচে করেছেন গোছানো ব্যাটিং। দলের জয়ে খুব প্রয়োজনের মুহূর্তে এমন ব্যাটিং, তাতে বিস্ময়ই জেগেছে!
সিলেট সিক্সার্সের বিপক্ষে আফ্রিদি অপরাজিত থেকে ২৫ বলে ৩৯ রানের ইনিংস খেলে কুমিল্লাকে নিয়ে যান জয়ের বন্দরে। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ পাকিস্তানি ক্রিকেটারের বিচক্ষণতা দেখে অবাক হয়েছেন। মজার ছলে জানালেন, আফ্রিদির কাছে এতটা দায়িত্বশীলতা আশাই করেননি!
‘আফ্রিদি এত সেনসেবল খেলবে এটা কখনই ভাবিনি। সে (আফ্রিদি) নিজেই বলছিল, এখন সে গুছিয়ে খেলে। আশা করবো পুরো টুর্নামেন্টেই এভাবে খেলবে।’
বল হাতে একটি উইকেট ও ব্যাট হাতে ফিনিশ করে আসায় ম্যাচসেরা হয়েছেন আফ্রিদি। গোছানো ব্যাটিং করলেও প্রয়োজনের সময় ঠিকই সীমানাছাড়া করেছেন বল। মেরেছেন ৫টি চার ও দুটি দর্শনীয় ছক্কা।








