ব্যাপক বিক্ষোভ ও বিশৃঙ্খলার মুখে সাময়িকভাবে ১০০ বলিভারের ব্যাংকনোট বাজার থেকে প্রত্যাহার স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যাংকনোট বাতিল করে তিনি নিজের দেশকে শত্রুদের ওপর বিজয়ী করেছেন। প্রেসিডেন্টের দাবি, ৭২ ঘণ্টার মধ্যে ১০০ বলিভার মূল্যমানের সব নোট বাজার থেকে সরিয়ে নেয়ার তার তড়িৎ সিদ্ধান্ত মুদ্রা পাচারের কালোবাজার ধ্বংস করে দিয়েছে।
হুট করে ১০০ বলিভারের লাখ লাখ নোট বাজার থেকে সরিয়ে নেয়ায় হাতে থাকা নগদ অর্থ দ্রুত শেষ হয়ে যাওয়ার ঘটনায় ভেনেজুয়েলার বেশ কিছু প্রদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ এবং খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটেছে। এর ফলে প্রেসিডেন্ট মাদুরো আগামী জানুয়ারির প্রথম ভাগ পর্যন্ত মুদ্রা প্রত্যাহার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
তবে প্রেসিডেন্টের এ ঘোষণার পরও রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, আগামী বছরের শুরু পর্যন্ত আপাতত ১০০ বলিভারের নোট বৈধ হওয়া সত্ত্বেও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এখনো গ্রাহকদের কাছ থেকে নোটটি নিতে চাইছে না।







