অমর একুশে গ্রন্থমেলায় ভাষা ও ভাষা আন্দোলন বিষয়ে বইয়ের দিকে পাঠকের আগ্রহ কম। এ সংক্রান্ত নতুন বইয়ের সংখ্যাও খুব বেশি নয়। প্রকাশকরা বলছেন, মানসম্মত ও গবেষণাধর্মী পাণ্ডুলিপি পেলে তারা প্রকাশে আগ্রহী। আর ভাষা বিষয়ক বই প্রকাশে তরুণ প্রজন্মকে গবেষণায় যুক্ত করার কথা বলেছে বাংলা একাডেমি। ভাষা বিষয়ে নতুন বই খুব বেশি না হলেও বিক্রি তালিকার শীর্ষে সবসময়ই থাকে অভিধান।
তিন দশকেরও বেশি সময় ধরে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করছে বাংলা একাডেমি। সময়ের পরিক্রমায় বইমেলায় ভাষা ও ভাষা আন্দোলন বিষয়ে নতুন বই যেমন কম আসছে, তেমনি বিক্রিও হচ্ছে কম। সত্যিই কি ভাষা আন্দোলনের ইতিহাস কিংবা ভাষা সম্পর্কে জানার আগ্রহ কমছে?
বাংলা একাডেমির তালিকা মতে, এবার ভাষা ও ভাষা আন্দোলন বিষয়ে নতুন বইয়ের সংখ্যা ২০। বাংলা একাডেমির বাইরে এরকম বই খুবই কম।
প্রকাশকরা যেমন ভাষা আন্দোলন নিয়ে বই প্রকাশ করতে চান তেমনি ভাষা বিষয়েও। অবশ্য সংখ্যার চেয়ে গুণগত মানের দিকেই বেশি নজর দিতে চায় বাংলা একাডেমি।
একুশ নিয়ে যে উচ্ছ্বাস আর চেতনায় ভাসে বাঙালি, সেই আবেগের গভীরতা বাড়াতে প্রয়োজন নিজ ভাষার ব্যবহার সম্পর্কে সচেতনতা। সংখ্যার বিচারে ভাষা আন্দোলনের বই যে কয়েকটিই হোক, সেই ইতিহাসকে রক্ষায়ও যথেষ্ট ভূমিকা নিতে হবে রাষ্ট্রের পাশাপাশি জনগণের, এমনটাই বলছেন সচেতন মহল।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








