বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা বসছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হবে চলতি বোর্ডের ১৩তম সভা। এক সপ্তাহের মাথায় দ্বিতীয়বার বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন নতুন সভাপতি ফারুক আহমেদ। সাবেক অধিনায়ক গত ২১ আগস্ট প্রথম সভাটি করলেও সেদিনই দায়িত্ব বুঝে পান সভাপতির।
বিসিবির সক্রিয় থাকা পরিচালকদের সম্মতিক্রমে সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিভিন্ন কমিটির দায়িত্বভার অর্পণ করা হতে পারে সক্রিয় পরিচালকদের মধ্যে।
জালাল ইউনুস পদত্যাগ করার পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ শূন্য পড়ে আছে। আলোচনা রয়েছে এই দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
বিপিএল গভর্নিং কাউন্সিল, টুর্নামেন্ট কমিটি, অর্থ, মার্কেটিং, গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট,
হাই-পারফরম্যান্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হতে পারে।
ছাত্র আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির অধিকাংশ পরিচালক দেশ ও দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন পদ হারাতে পারেন আজকের সভায়।
স্ট্যান্ডিং কমিটিতে রদবদল ছাড়াও আজকের সভায় আলোচনায় উঠবে পূর্বাচল স্টেডিয়াম, আসন্ন বিপিএল, মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ।
গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সবশেষ সভাটি হয়েছিল। সেই সভাতে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় প্রথমে পরিচালক ও পরে সবার ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। তার আগে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন।







