চীন থেকে সিনোফার্মের ছয় লাখ ডোজ ভ্যাকসিন বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাড়টি বিকাল সাড়ে ৫টায় ঢাকা এসে পৌঁছাবে।
আজ রোববার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০ জে পরিবহন বিমান করোনাভাইরাসের ৬ লাখ টিকা নিয়ে সকাল ১০টায় চীন থেকে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছে। বিমান দু’টি বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে।
এর আগে ১৩ জুন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক অনুষ্ঠানে টিকা আসার বিষয়টি জানিয়েছিলেন। গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।







