প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় করা মামলায় বার বার রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন চাঁদের মেয়ে শিরিন আক্তার।
সোমবার এই রিটের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল ও মাহফুজুর রহমান মিলন বলেন, ‘আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সারাদেশে ১৮টির মতো মামলা হয়েছে। এইসব মামলায় বার বার রিমান্ড চাওয়া হচ্ছে। একই ঘটনায় বার বার রিমান্ড না চেয়ে একসাথে একবার নিতে পারতো। এই কারণে রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।’
রাজশাহীর পুঠিয়ার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের নামে বিভিন্ন জেলায় মামলা হয়। এরপর গত ২৫ মে রাজশাহী শহরের কোর্ট ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।








