ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। ইইউ’র এর দক্ষিন এশিয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান জিন ল্যামবার্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক শুরু হয়।
এর আগে, বুধবার বিকেলে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল জানায়, বেগম খালেদা জিয়ার দল একটি কঠিন সময় পার করছে। বিএনপির জন্য এই সময়টা অবশ্যই চ্যালেঞ্জের, যদিও তাদের উচিত নির্বাচনে মনোনিবেশ করা।
আগামী নির্বাচনে ইসির দায়িত্বের বিষয়ে তারা বলেন, বিদ্যমান আইনেই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। জনগণ যাতে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করা জরুরি।
এর আগে সিইসির সঙ্গে সাক্ষাত শেষে ইইউ ডেলিগেশন প্রধান জেন ল্যাম্বার্ট বলেন: বিএনপি চেয়ারপারসনের মামলা নিয়ে মন্তব্য করবো না। সেটা আমাদের এখতিয়ারে নেই। তবে কঠিন সময় পার করছে বেগম জিয়ার দল। তার দলের জন্য অবশ্যই এটা চ্যালেঞ্জের।
বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বৈঠকে প্রতিনিধি দলটি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবাসে তার নির্বাচন করার বিষয় নিয়ে সিইসির কাছে জানতে চায়।
এর পরিপ্রেক্ষিতে সিইসি কেএম নুরুল হুদা বলেন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা পুরোটাই আদালতের এখতিয়ার, এখানে ইসির কোন ভূমিকা নেই।








