রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সর্বশেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: বিএনপি ক্ষমতায় এসে জাতিকে কিছু দিতে পারে না। তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশ ও জাতিকে কিছু দিতে। সোমবার দুপুরে কামরাঙ্গীরচরের কুড়ার ঘাটে ৩১ শয্যার সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। একাদশ জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা বলেন: ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে। বাংলাদেশের ওই উন্নয়নের মহাসড়কের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। তাই এবারের জাতীয় নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।






