বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি চেয়েছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা অনুমতি পাবেন এমনটা আশা করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব কিছু নির্ভর করছে পুলিশের সিদ্ধান্তের ওপর।
দুর্নীতির মামলায় কারাগারে আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আহ্বান করেছে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন শীর্ষ নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে সাংবাদিকদের জানান তারা।
বারবার আবেদনের পরও বিএনপি কেন সমাবেশের অনুমতি পাচ্ছেনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশংকাতেই অনুমতি দিচ্ছেনা ডিএমপি।
বিএনপির নেতাকর্মীদের গণ গ্রেপ্তার করা হচ্ছে এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেপ্তার করছে না পুলিশ।








