খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, দলটির নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: খালেদা জিয়ার মুক্তি আদলতের বিষয়। নির্বাচন বিএনপির জন্য অপেক্ষা করবে না। বিএনপিকে নির্বাচনে অানার দায়িত্ব আওয়ামী লীগের না।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানস্থ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের র্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন: সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বিএনপি নির্বাচনে না আসলে তাদের জন্য নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে না। সময় মত ছেড়ে যাবে। বিএনপি নির্বাচনে আসতে না চাইলে জোর করে আনার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনে আসা তাদের গণতান্ত্রিক অধিকার।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী অক্টোবরে নির্বাচনী সিডিউল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি তারা নির্বাচনে আসবে। নির্বাচনে তাদেরকে আমরা স্বাগতম জানাবো।
শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। গরীব মানুষের সরকার। গরীব মানুষ রক্তদিয়ে এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আপনাদের যে দাবিগুলো এখনো পূরণ হয় নি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনলে আপনাদের বাকি দাবিগুলো অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।
সড়ক শ্রমিকদের সতর্ক করে বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। আপনার অতিরিক্ত মুনাফার জন্য সড়কে প্রতিযোগিতা করবেন না। ওভার টেকিং করবেন না। সড়কে শুধু সাধারণ যাত্রী নয়, শ্রমিকরাও দুর্ঘটনার শিকার হচ্ছে। একজনের জন্য একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। গাড়ীর স্টিয়ারিং হাতে নিয়ে এ বিষয়গুলো ভেবে গাড়ি চালাবেন।








