প্রাক-মৌসুমটা ভালো কাটালে আসল লড়াইটা হেরে গেল বায়ার্ন মিউনিখ। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-০ গোলে হেরে জার্মান সুপারকাপ হাতছাড়া হয়েছে তাদের। ষষ্ঠবারের মতো সুপারকাপ শিরোপা জেতার সঙ্গে নতুন মৌসুম শুরুর আগে বার্তা রাখল বরুসিয়া।
প্রথমার্ধে দুই দলের ফরোয়ার্ডরাই মিস করেছেন বেশ কয়েকটি গোলের সুযোগ। দ্বিতীয় মিনিটেই মার্কো রিউসের দারুণ একটি শট ঠেকিয়ে দেন ম্যানুয়েল নয়্যার। ১৪ মিনিটে ডর্টমুন্ডকে এগিয়ে দেয়ার আরেকটি সুযোগ পেয়েছিলেন পাকো আলকাসের। পাল্টা আক্রমণে সানচোর পাসে বল পাওয়া আলকাসেরের শট পোস্ট ঘেঁষে চলে যায়।
২০ মিনিটে রাফায়েল গুরেরিওকেও হতাশ করেন নয়্যার। ২৩ মিনিটে প্রথম সুযোগ আসে বায়ার্নের সামনে। কিংসলে কোমানের শট ঠেকিয়ে দেন ডর্টমুন্ড গোলকিপার। বিরতির আগে রবার্ট লেভানডস্কি ও লিওনকেও হতাশ করেন মারউইন হিটজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তালা ভাঙ্গেন আলকাসের। ৪৮ মিনিটে সানচোর বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেয়া তার ডান পায়ের শট আটকাতে পারেননি নয়্যার। ১০ মিনিট পর সমতায় ফিরতে পারতো বায়ার্ন, কোমানের শট দুইবার বাঁচিয়ে দেন হিটজ।
৬৯ মিনিটে গোল করে ডর্টমুন্ডকে আনন্দে ভাসান সানচো। পাল্টা আক্রমণ থেকে বল পেয়েছিলেন গুরেরিও। তার পাসে পাওয়া বলে গোল করতে ভুল করেননি সানচো। এরপর অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। ২০১৪ সালের পর আবার জার্মান কাপের শিরোপা জিতল ডর্টমুন্ড।








