ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা মানুষের ভিড় এখন ট্রেন স্টেশন এবং বাস টার্মিনালে। দু’একটি বাদে দূরপাল্লার সব ট্রেনই শিডিউল মেনে কমলাপুর ছেড়ে গেছে। আর ঈদ যাত্রার শুরুর দিন দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে গেছে সময় মেনে। লঞ্চ যাত্রীদের যাত্রা শুরু সন্ধ্যা থেকে।
সাপ্তাহিক ছুটি শুক্রবার এমনিতেই দূরপাল্লার সব পরিবহনে মানুষের ভিড় থাকে। তার সাথে ঈদের ছুটি শুরু হওয়ায় গ্রামের পথে রওনা হওয়া মানুষের ভিড় এখন বাস টার্মিনাল এবং ট্রেন স্টেশনে।
আসনের আগাম টিকিট কেনা এবং আসনবিহীন যাত্রীদের চাপে রাজধানীর ট্রেন স্টেশনগুলো লোকে লোকারণ্য। নির্ধারিত সময়ে ট্রেন আসতেই, যে যেভাবে পেরেছেন আসন দখলের চেষ্টা করেছেন।
রাজধানীর যানজটের আশঙ্কায় মহাখালী এবং গাবতলী বাস টার্মিনালের দিকে মানুষের স্রোত ছিল ভোর থেকেই। দিনে এ দুই টার্মিনাল এলাকায় যানজট ছিল একেবারে শূন্যের কোঠায়। তবে সময়মত গাড়ি পেয়ে দারুণ খুশি যাত্রীরা।
বাড়ি যাওয়ার আনন্দ ছিল সবার চোখে মুখে। মহাসড়কে খুব বেশি যানজট না থাকা এবং প্রধান দুই ফেরিঘাট পাটুরিয়া ও শিমুলিয়ায় গাড়ির সারি দীর্ঘ না হওয়ায় খুশি পরিবহন কর্তৃপক্ষও।
ভারি বর্ষণ না হলে এবং মহাসড়ক বর্তমান অবস্থায় থাকলে পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রিপ দিয়ে অতিরিক্ত যাত্রীর চাপ সামলানোর কথাও জানিয়েছে।









