ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে বাড়ি ফিরেছে শিশু সুমাইয়া। ওসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিলকিস বেগম চ্যানেল আই অনলাইনকে বলেন: গতকাল ভর্তি হওয়ার পর নিয়মিত সুমাইয়ার চেক আপ করানো হয়েছে। আজও সকল প্রকার চেক আপের পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি বলেন: সার্বিক দিক দিয়ে ও ভালো রয়েছে। শিশুটি দীর্ঘদিন ধরে বাবা-মা ছাড়া ছিল। হয়তো ওকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। অনেকদিন স্বজনদের কাছে না পেয়ে মানসিকভাবে আতঙ্কিত, তাই এখনো শরীরে জ্বর রয়েছে। তবে গায়ে জ্বর থাকলেও কোনো মানসিক ট্রমা সুমাইয়ার মধ্যে নেই।
সুমাইয়ার বাবা জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: কিছুক্ষণ আগে সুমাইয়াকে বাসায় নিয়ে এসেছি।
শিশু সুমাইয়াকে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রামের জাকির হোসেন ও মুনিয়া বেগমের একমাত্র সন্তান সুমাইয়া বাসার সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। ওই ঘটনায় কামরাঙ্গীর চর থানায় সুমাইয়ার বাবা একটি জিডি করেন এবং পরে অপহরণের মামলা করেন।
গত বৃহস্পতিবার সকালে কদমতলী এলাকার একটা ভাড়া বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ।







