লন্ডনে একটি দ্বিতল বাস সড়ক ছেড়ে পাশের দোকানে ঢুকে পড়ার কয়েকদিন পরেই একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার লন্ডনের ওয়াটারলু স্টেশনের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এর ফলে যাত্রীদের আজ সারাদিন ওয়াটারলু স্টেশন পরিহার করে বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে।
তবে এ দুটি দুর্ঘটনায় কেউ নিহত না হলেও বেশ কয়েকজন আহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, গতি কম থাকায় ট্রেনটি অল্প আংশিক লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় তিনজন যাত্রীকে অ্যাম্বুলেন্সে নিয়ে প্রাথমিক সেবা দেয়া হলেও কাউকে হাসপাতালে নেয়া হয়নি। সেখানে পুলিশ, ফায়ার সার্ভিসসহ চিকিৎসকদল পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজের জন্য বর্তমানে প্লাটফর্ম বন্ধ রয়েছে। এছাড়া আজকের জন্য যাত্রীদের এই স্টেশন পরিহার করাসহ সকল ট্রেনের আসা-যাওয়া নিয়ন্ত্রণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনের ল্যাভেন্ডার হিলে একটি দ্বিতল বাস দোকানের ভিতরে ঢুকে পড়ে ছয় জন আহত হয়।







