চলতি মৌসুমে পারফরম্যান্স দিয়ে আলাদাভাবে নজর কাড়ছে ম্যানচেস্টার সিটি। টানা নয় ম্যাচে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের চূড়ায় পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগেও সমানভাবে দুর্দান্ত সিটিজেনরা। তাতে শীতকালীন দল-বদল মৌসুমের আগে অন্য এক চূড়ায় পৌঁছে গেছে দলটি। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মত জায়ান্ট দলগুলোকে টপকে সবচেয়ে দামী দল এখন ম্যানসিটি।
সিআইইএস ফুটবল অবজারভেটরির ফুটবল বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। খেলোয়াড় এবং দলের পারফরম্যান্সের ভিত্তিতে শীতকালীন দল-বদলের আগে ইউরোপের সেরা পাঁচটি লিগের সেরা দলগুলোর মোট দাম কত হতে পারে সেটিই তুলে ধরা হয়েছে বিশ্লেষণটিতে।
শুধু ম্যানসিটিই নয়, দুই স্প্যানিশ জায়ান্টকে টেক্কা মেরেছে আরেক ইংলিশ টিম টটেনহ্যাম হটস্পারও। সিআইইএসের বিশ্লেষণে তালিকার দুইয়ে আছে মউরিসিও পচেত্তেনির দল।
পুরো ম্যানসিটির দাম ধরা হয়েছে ১১৯৬ মিলিয়ন ইউরো। দামে সিটিজেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন আছেন সবার ওপরে। বেলজিয়ান তারকাকে কিনতে হলে ১৪৫ মিলিয়ন ইউরো গুণতে হতে পারে যেকোনো দলকে।
১১৭৩ মিলিয়ন মূল্যের টটেনহ্যামের সবচেয়ে দামী খেলোয়াড় অবিসংবাদিত ভাবে হ্যারি কেন। স্পার ফরোয়ার্ডের দাম ধরা হয়েছে ১৮৬ মিলিয়ন ইউরো। তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। খেলোয়াড় মূল্যে কাতালান ক্লাবটির মূল্য ১১৩০ মিলিয়ন ইউরো।
সিআইইএসের বিশ্লেষণে লিওনেল মেসিকে টপকে বার্সার সবচেয়ে দামী খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছেন লুইস সুয়ারেজ। চলতি মৌসুমে লা লিগায় মাত্র ৩ গোল করা উরুগুয়ে ফরোয়ার্ডের দাম ১৩৪ মিলিয়ন লেখা হয়েছে বিশ্লেষণটিতে।

লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে থাকায় এবং চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের কাছে হেরে তালিকার ষষ্ঠ স্থানে নেমেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের দাম উঠেছে ৯০৩ মিলিয়ন ইউরো। সিআইইএসের ভবিষ্যৎ বাণী ৯৩ মিলিয়ন ইউরোর বেশিতে বিকোবেন না ক্রিস্টিয়ানো রোনালদো।
তালিকার চারে ও পাঁচে আছে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। দল দুটির দাম লেখা হয়েছে যথাক্রমে ১০৪৪ মিলিয়ন এবং ৯১৯ মিলিয়ন ইউরো। ১২১ মিলিয়ন দাম ধরা হয়েছে ব্লুজ ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের। আর রেড ডেভিলদের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর দাম ধরা হয়েছে ১৬৫ মিলিয়ন ইউরো।
তালিকার আটে আছে সবচেয়ে দামী ফরোয়ার্ডদের নিয়ে গড়া দল পিএসজি। আর ২১৮ মিলিয়ন ইউরো নিয়ে লিগ ওয়ান জায়ান্টদের সবচেয়ে দামী ফুটবলার অবধারিতভাবে ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমার।









