গুঞ্জন, নাটক, উত্তেজনা, ক্লাইম্যাক্স- কি ছিল না গত দুই সপ্তাহে! এবার বোধহয় সব উত্তাপে জল পড়ল! যাকে ঘিরে এত আলোচনা, সেই নেইমার স্পেনের বিমানে চেপে বসেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি সেলফিও পোস্ট করেছে বার্সা-টু-পিএসজি রুট খুঁজতে থাকা এই ব্রাজিলিয়ান।
যুক্তরাষ্ট্রে খেলে বার্সা দল যখন ন্যু ক্যাম্পে ফিরেছে, নেইমার তখন চীনে। বিজ্ঞাপনের কাজে। চীনা ভক্তদের সঙ্গে খোশমেজাজেই ছিলেন। কিন্তু বাকি দুনিয়াকে রেখে দিয়েছিলেন বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার গুঞ্জনের মধ্যে। পরে চীন থেকে কাতার যাওয়ার খবর এল। সেখানে স্বাস্থ্য পরীক্ষার করে পিএসজিতে যাবেন বলে সোমবার সংবাদ দিল কাতারি পত্রিকা আল ওয়াতান।
মঙ্গলবার গোলডটকম নিশ্চিত করল, কাতার যাচ্ছেন না। বার্সায় এসে আগামী বুধবার কাতালানদের হয়ে অনুশীলনে অংশ নেবেন নেইমার।
নেইমার তখনো চুপ। দুপুর নাগাদ খবর কাতার-বার্সার কোথাও নয়, নেইমার এখন বন্ধুদের নিয়ে সময় কাটাচ্ছেন দুবাইয়ে। দুবাইয়ের বিমানবন্দরে বন্ধুদের নিয়ে সময় কাটানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে গুঞ্জন আরও উসকে দিলেন নেইমার। দ্রুত বার্তা ছড়ায় কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর আগে দুবাইয়ে বিরতি নিয়ে থাকতে পারেন ব্রাজিল তারকা।
এরপরের চিত্রনাট্যে অবশ্য কেবলই নেইমার। দুবাই থেকে আবারও বিমানে চেপেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। সঙ্গে জানিয়েছেন আসছেন স্পেনেই। তার বিমান বার্সা-মুখী যাত্রাই করেছে। এই বার্তা দেয়ার জন্যও সামাজিক যোগাযোগ মাধ্যমকেই ব্যবহার করেছেন তিনি।
বিমানে চেপে বন্ধুর সঙ্গে তোলা একটি সেলফি টুইট করেছেন নেইমার। সেখানেও খুব খোলাসা করে কিছু বলেননি। তবে সেলফির সঙ্গে জুড়ে দিয়েছেন স্পেনের পতাকা আর বিমানের ছবি। এতেই যা বোঝার বুঝে নেয়া যায়। নেইমার আপাতত স্পেনেই ফিরছেন।

বার্সায় হয়তো ফিরছেন, তাতে যদিও পিএসজিতে পাড়ি জমানোর গুঞ্জন থামছে না। নেইমারের বার্সা ছাড়ার এই গুঞ্জন-শঙ্কাটা দীর্ঘ হওয়ার কারণও আছে। গত মৌসুমে তার সঙ্গে বার্সেলোনার নতুন যে চুক্তিটা হয়েছে, সেটার জন্য বোনাস হিসেবে নেইমারের বাবা পাবেন ২৬ মিলিয়ন ইউরো। ওই চুক্তির শর্তে আছে, টাকাটা সিনিয়র নেইমার পাবেন ৩১ জুলাইয়ে। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি পেছানোর এটিও একটি কারণ হতে পারে শেষ পর্যন্ত।
বার্সা অবশ্য এত সহজেও ছাড়বে না সিনিয়র নেইমারকে। ২৬ মিলিয়ন ইউরো বোনাস কাতালানরা দিতে চেয়েছিল নেইমারের ন্যু ক্যাম্পে থাকার শর্তেই। সেই নেইমারই যদি না থাকেন, বার্সা তো বেঁকে বসবেই। বোনাসের টাকা না দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে জায়ান্ট ক্লাবটি।
নেইমার পিএসজিতে নাম লেখালেও অবশ্য বোনাস হিসেবে ৩৬ মিলিয়ন ইউরো পাবেন তার বাবা। নেইমারের বার্ষিক আয়ের ১৫ শতাংশও যাবে সিনিয়রের একাউন্টে। এত হিসেব-নিকেশের মাঝে এখন একটাই পথ, নেইমার ন্যু ক্যাম্পে ফিরে নিজে মুখে কিছু বলেই কেবল তার ভক্তের উদ্বেগ নিরসন করতে পারেন।







