স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। অ্যাটলেটিকোর হয়ে দুটি গোলই করেন ফ্রান্স উইঙ্গার অ্যান্তোনিয়ো গ্রিজম্যান।
এর আগে প্রথম লেগে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লিওনেল মেসি-নেইমাররা জিতেছিল ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে জিতে টুর্নামেন্টের সেমিতে উঠল ডিয়েগো সিমিওনের দল।
অ্যাটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে বুধবার রাতে আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ জমে ওঠে ম্যাচ। তবে ৩৬তম মিনিটে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন অ্যান্তোনিয়ো গ্রিজম্যান। নিগেসের দারুণ এক ক্রসে লাফিয়ে উঠে হেড থেকে গোল পান গ্রিজমান।
বিরতির আগে কিছু সুযোগ নষ্ট করে বার্সা। ফলে ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।
বিরতি থেকে ফিরে এসেও আরো কিছু সুযোগ পেয়েছিল বার্সা। গোলের দেখা পেতে পারত অ্যাটলেটিকোও। তবে ম্যাচের ৮৮তম মিনিটে এসে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। ফেলিপে লুইসের পাস ঠেকাতে গিয়ে ডি-বক্সের মধ্যে বলে হাত লাগিয়ে দেন ইনিয়েস্তা। তাতেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি গ্রিজম্যান।
চলতি মৌসুমে ফরাসি এই ফরোয়ার্ডের এটি ২৯তম গোল।
শেষ মুহূর্তে যোগ করা সময়ে ডি-বক্সের ভেতর বলে হাত লাগিয়েছিলেন আতেলেতিকো মাদ্রিদের অধিনায়ক গাবিও। কিন্তু রেফারি পেনাল্টি না দিয়ে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকের নির্দেশ দেন।
মেসি পারেননি সেখান গোল করে খেলাটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে; বল চলে যায় ক্রসবারের সামান্য উপর দিয়ে।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচ গোলশূন্য থাকলেন মেসি। সেই সঙ্গে শেষ হলো টানা দ্বিতীয়বার বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ের স্বপ্নও।








