চার মৌসুমে তিন চ্যাম্পিয়ন্স লিগ, যার মধ্যে দুটি আবার রেকর্ড টানা দুই মৌসুমে। এমন রত্নখচিত দলকে সবচেয়ে দামী না বলে উপায় কী! খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দলের শিরোপা অর্জনের ভিত্তিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে ফুটবল বিশ্বের সবচেয়ে দামী দল এখন রিয়াল মাদ্রিদ।
বাজার দর বিবেচনা করে রিয়ালের পুরো স্কোয়াডের মূল্য ধরা হয়েছে ৭৭৪ মিলিয়ন ইউরো। নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজির কাছে বিক্রি করে এবং ১৫০ মিলিয়নে ডেম্বেলেকে কিনে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। কাতালানদের পুরো স্কোয়াডকে কিনতে হলে খরচ করতে হবে ৭৩৭ মিলিয়ন ইউরো।
দামটা আরও বাড়তে পারতো রিয়ালের। আলভারো মোরাতা চেলসিতে এবং ধারে বায়ার্নে চলে গেছেন হামেস রদ্রিগেজ। তাতে অবশ্য খুব একটা তফাৎ হচ্ছে না দামে। ইস্কো এবং মার্কো আসেনসিওদের মত বিকল্পদের অল্প দামে কিনে এখন চড়া দামে বিক্রি করার পর্যায়ে নিয়ে এসেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
শুধুমাত্র আক্রমণভাগের দামই ধরা হচ্ছে ২৮৭.৫ মিলিয়ন ইউরো। এক রোনালদো একাই বিকোতে পারেন কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরোতে। গত মৌসুমটা খুব একটা ঝলক দেখাতে না পারা গ্যারেথ বেলের দাম পড়েছে বিক্রয় মূল্যের চেয়ে ১০ মিলিয়ন ইউরো। মিডফিল্ডার টনি ক্জর এবং বেলকে কিনতে যেকোনো ক্লাবকে গুনতে হবে ৭০ মিলিয়ন ইউরো খরচ করে।
এই মৌসুমেই রিয়ালে যোগ দেওয়া দানি সেভোলাস, থিও হার্নান্দেজদের দাম এক লাফে বেড়েছে কয়েক গুণ। প্রতি খেলোয়াড়ের গড় মূল্য হিসেবে দাঁড়িয়েছে ৩২.৩৪ মিলিয়ন ইউরো!









