টাইগারদের বোলিং তোপে ৩৬ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে কাঁপছিল সাউথ আফ্রিকা। সেই অবস্থা থেকে টেনে নিয়ে যাচ্ছিলেন রসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমা। দুজনে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। বাভুমাকে ফিরিয়ে স্বস্তি এনেছেন শরিফুল।
৫৫ বলে ২ চারে ৩১ রান করা টেম্বা বাভুমার উইকেট নিয়েছেন প্রোটিয়াদের প্রথম উইকেট তোলা শরিফুল ইসলাম। বাউন্সারে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন স্বাগতিক অধিনায়ক।
সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের দেয়া ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা প্রোটিয়ারা ২৭ ওভার পর্যন্ত করেছে ৪ উইকেটে ১২৩ রান।
ফিফটি তুলে নেয়া ডুসেন ৬৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৪ ও ডেভিড মিলার ১ রান নিয়ে ক্রিজে আছেন।
চতুর্থ ওভারেই স্বাগতিক ব্যাটিং অর্ডারে আঘাত হানেন শরিফুল। তার দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মুশফিকের গ্লাভসে ধরা পড়েন জানেমান মালান। ১০ বলে ৪ রানে থামেন ওপেনার।
নবম ওভারের প্রথম বলে টাইগারদের আনন্দের উপলক্ষ এনে দেন আরেক পেসার তাসকিন আহমেদ। তার করা দারুণ বলে লেগ বিফোরে কাটা পড়েন কাইল ভেররেন্নে। ২৫ বলে ২ চার ও এক ছক্কায় তিনি করেন ২১ রান।
তাসকিনের তিন বল পর রানের খাতা না খুলে ড্রেসিংরুমে ফেরেন এইডেন মার্করাম। পয়েন্টে দুরন্ত ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।
আগে সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। তামিম ইকবালের দল তুলেছে ৭ উইকেটে ৩১৪ রান। এই ভেন্যুতে এরবেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে একবারই।







