চট্টগ্রাম পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ-কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে রোববার সকাল ৭ টার দিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রতিদিনের মতোই চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে নিয়ে বাসার সামনে স্কুলগামী বাসের অপেক্ষায় থাকার সময় ৩টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলি তার মৃত্যু হয়।
এ বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আর রাজী। স্ট্যাটাসে তিনি লিখেছেন:
‘শ্রদ্ধেয় বাবুল আক্তার
আমাদের ক্ষমা করবেন
বাংলাদেশ পুলিশের প্রতি আমার যে গভীর আস্থা তার অন্যতম নির্মাতা বাবুল আক্তার।
উনি কেবল একজন অসাধারণ দক্ষ কর্মকর্তাই নন, অনেক বড় মানুষও। অমন সৎ কর্মঠ কর্মকর্তা কোন বাহিনীতে থাকলে সে বাহিনীর প্রতি সম্মান এমনিই মনে তৈরি হয়ে যায়।
এই বাবুল আক্তারের স্ত্রীকে খুন করা কোনভাবেই বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না।
এই দেশ, জাতি, রাষ্ট্র বাবুল আক্তারের স্ত্রীকে রক্ষা করতেও ব্যর্থ হলো! আমরা আর কতো ব্যর্থতা মেনে নেব? এরা পরেও কি সরকারের টনক নড়বে না, ভাষ্য বদলাবে না?’








